নোয়াখালীর হাতিয়ায় হত্যাসহ একাধিক মামলার আসামি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বজনদের বিরুদ্ধে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এ ঘটনা ঘটে।
নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আমানউল্লাহ গ্রামের মৃত সাঈদুল হকের ছেলে। তিনি ওই ওয়ার্ডের ইউপি সদস্য। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। শুক্রবার সন্ধ্যার পর পুলিশের একটি দল রামচরণ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বজনরা পুলিশকে ঘিরে ধরেন। এ সময় তাঁদের ভিড়ের সুযোগে নিজাম উদ্দিন পুলিশের কাছ থেকে পালিয়ে যান।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর তাঁর স্বজনরা পুলিশকে ঘিরে ধরেন। সেই সুযোগে তিনি পালিয়ে যান। তাঁকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, পুলিশের সরকারি কাজে যাঁরা বাধা দিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।