ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় ছয় আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) জোশিমঠ-বদ্রীনাথ রুটে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট ছয়জন ছিলেন। পাইলট ক্যাপ্টেন হিমাংশু ছাড়া অন্য পাঁচ আরোহী হলেন প্রতাপা, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে ও এইচ এস নটরাজ।
প্রতিবেদন অনুযায়ী, তুষারপাতের মধ্যে দুপুর ১টা ১৪ মিনিটে বদ্রীনাথ থেকে উড্ডয়নের পর হাতি পর্বত এলাকার কাছে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জোশীমঠের কাছের ছাই গ্রাম এলাকায় সেটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।
উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে, ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেড পরিচালিত হেলিকপ্টারটির কলসাইন ছিল ভিটি-এইচসিএক্স। বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশে যাওয়ার পথে জোশীমঠ উপত্যকায় সেটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংস্থাটির সব হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা অভিযানে অংশ নিয়েছেন।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, তিনি নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আহতদের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, উত্তরাখণ্ডে গত এক দশকে অন্তত ১২টি হেলিকপ্টার দুর্ঘটনা বা এ ধরনের ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি ছিল প্রাণঘাতী বড় দুর্ঘটনা। গত বছরের জুনে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হন।
সূত্র: এনডিটিভি