চলতি বছরের প্রথম নয় মাসে ২ লাখ ১১ হাজার ৫৯৭টি বিমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এসব দাবির বিপরীতে প্রতিষ্ঠানটি মোট ৫২৩ কোটি ৪১ লাখ টাকা পরিশোধ করেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নিষ্পত্তি হওয়া দাবির মধ্যে স্বাস্থ্যবিমার ১ লাখ ৭০ হাজার ৬৭৫টি দাবির বিপরীতে ২৩৫ কোটি ৪৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। মৃত্যুজনিত ৩৪ হাজার ৯৩৯টি দাবির বিপরীতে দেওয়া হয়েছে ২৫৭ কোটি ৩২ লাখ টাকা।
এ ছাড়া পলিসির মেয়াদপূর্তি ও অন্যান্য খাতে ৫ হাজার ৯৮৩টি দাবির বিপরীতে ৩০ কোটি ৬৪ লাখ টাকা পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম বলেন, প্রতিটি বিমা দাবির সঙ্গে কোনো ব্যক্তি বা পরিবারের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত জড়িয়ে থাকে। প্রিয়জনকে হারানোর পর পরিবারের পাশে দাঁড়ানো, চিকিৎসার ব্যয় মেটাতে সহায়তা করা কিংবা পলিসির মেয়াদপূর্তির অর্থ গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সময়মতো দাবি নিষ্পত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, গ্রাহকেরা যেন অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই তাঁদের প্রাপ্য সুবিধা পান, সে জন্য দাবি নিষ্পত্তির প্রক্রিয়া সহজ ও নির্ভরযোগ্য করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।
দাবি নিষ্পত্তির প্রক্রিয়া সহজ করতে আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে গার্ডিয়ান। প্রতিষ্ঠানটির দাবি, সম্পূর্ণ কাগজবিহীন ব্যবস্থা ও সহজতর কার্যপদ্ধতির ফলে কাগজপত্রের ব্যবহার এবং দাবি প্রক্রিয়াকরণের সময় কমেছে। এতে গ্রাহকেরা বাড়তি ঝামেলা ছাড়াই বিমা দাবি নিষ্পত্তির সুবিধা পাচ্ছেন।
প্রযুক্তির ব্যবহার ও সময়মতো সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক ও নমিনিরা যেন প্রয়োজনের সময় আর্থিক সুরক্ষা পান, তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কাজ করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
-টিএস