মজুরি বোর্ডের দাবিতে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলে সতর্ক করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি অহেতুক রাস্তায় নেমে জনদুর্ভোগ সৃষ্টি এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে আনসার সদস্যদের কর্মসংস্থান কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মজুরি বোর্ডের দাবিকে কেন্দ্র করে অহেতুক রাস্তায় নেমে জনদুর্ভোগ সৃষ্টি করা এবং বিশৃঙ্খলা ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। আন্দোলনের নামে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানসহ মন্ত্রণালয় এবং আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএস