যুক্তরাষ্ট্র চাইলে এখনই ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি নিশ্চিত করতে চান, এই যুদ্ধের ফলাফল যেন দীর্ঘ সময় ধরে টিকে থাকে।
দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে ট্রাম্প এমন মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিক-উভয় দিক থেকেই ইরানকে পরাজিত করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘এটি (ইরান যুদ্ধ) খুব শিগগিরই শেষ হবে। আমরা এখনই চলে যেতে পারি, কিন্তু আমরা নিশ্চিত করতে চাই, এর ফলাফল যেন দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়।’
মার্কিন প্রেসিডেন্ট আবারো বলেন, তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।
বিশ্বের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করেছে। তিনি এই প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বলে অভিহিত করেন।
ট্রাম্প বলেন, ‘আমরা মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করেছি। তাহলে হরমুজ প্রণালির নাম পরিবর্তন করতে পারব না কেন?’
ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা তৈরি করেছে।
আলোচনা সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তা ও অন্যান্য সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প শেষ পর্যন্ত এসব হামলার অনুমোদন দেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। চলতি বছর বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করার একাধিক পরিকল্পনা তিনি বারবার নাকচ করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা দ্য নিউইয়র্ক টাইমসকে বলেছেন, প্রশাসন এমন সামরিক পরিকল্পনা সম্পর্কে কোনো মন্তব্য করে না, ‘যেগুলো থাকতে পারে, আবার নাও থাকতে পারে।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এর জবাবে ইরান ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এতে বিশ্বব্যাপী জ্বালানি তেলে অস্থিরতা দেখা দেয়।
পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জুন মাসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু বিভিন্ন মতবিরোধের কারণে সেই সমঝোতা প্রক্রিয়া এখন স্থবির হয়ে পড়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।