শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আইজিপি বলেন, দুর্গাপূজার মূল চেতনা হলো অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করা। এ চেতনাকে ধারণ করে দেশে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি জানান, সারা দেশে ৩১ হাজারের বেশি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় তিন লাখেরও বেশি সদস্য দায়িত্ব পালন করছেন। পূজা উদযাপন নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।
আইজিপি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করলেও একটি পক্ষের পক্ষ থেকে পূজা ও সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে, যা দুঃখজনক। তার ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সুযোগ নিতে চায়—এমন পক্ষ এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রী নিয়মিত দিকনির্দেশনা দিচ্ছেন। তাঁর কর্মতৎপরতা ও দায়িত্বশীলতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উৎসাহিত করছে।
আইজিপি আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধর্মের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব।
আরএন