পোর্টসমাউথের কাছে ৩–২ গোলে হারের ম্যাচে বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী লাল কার্ড দেখায় পরের ম্যাচে তাঁকে পাচ্ছে না শেফিল্ড ইউনাইটেড।
বুধবার (১৪ অক্টোবর) ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের ম্যাচে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হামজা। তবে তাঁর বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার।
পোর্টসমাউথের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ৩৫ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন হামজা। এরপর ৪৪ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় রায়ান কাভুমা-ম্যাককুইনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাঁকে মাঠ থেকে বের করে দেন রেফারি অলিভার ল্যাংফোর্ড।
একজন খেলোয়াড় একই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখলে তা লাল কার্ডে পরিণত হয়। ফলে হামজাকে ছাড়াই আগামী শনিবার (১৭ অক্টোবর) ব্রিস্টল সিটির বিপক্ষে মাঠে নামতে হবে শেফিল্ড ইউনাইটেডকে।
ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কোচ ক্রিস ওয়াইল্ডার। তাঁর মতে, হামজাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্তটি প্রশ্নবিদ্ধ। রেফারির সিদ্ধান্ত ও মাঠে দায়িত্ব পালনের পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ওয়াইল্ডার বলেন, রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার ক্ষেত্রে তাঁকে সতর্ক থাকতে হচ্ছে। তবে পুরো ঘটনাটি নিয়ে তাঁর দলের অসন্তোষ রয়েছে বলে জানান শেফিল্ড কোচ।
ম্যাচে প্রথমে এগিয়ে যায় পোর্টসমাউথ। ৪১ মিনিটে জাক সোয়ানসনের গোলে লিড নেয় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৪ মিনিটে আদ্রিয়ান সেগেচিচ ব্যবধান দ্বিগুণ করেন।
তবে ১০ জনের দল নিয়েও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে শেফিল্ড ইউনাইটেড। ৫৯ মিনিটে জাপেট টাঙ্গাঙ্গা এবং ৬৭ মিনিটে টম ক্যাননের গোলে সমতায় ফেরে দলটি। কিন্তু ৮৯ মিনিটে এবু অ্যাডামসের গোলে জয় নিশ্চিত করে পোর্টসমাউথ।
এই জয়ের পর ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে রয়েছে শেফিল্ড ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে পোর্টসমাউথ।
এসএস