অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের ১৬তম আসরের জন্য বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেনকে আবারও দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স।
গত আসরে দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া রিশাদের সঙ্গে এবারও লেগস্পিন আক্রমণ শক্তিশালী করার আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।
বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে রিশাদকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হোবার্ট হারিকেন্স। গত আসরে বিগ ব্যাশে অভিষেকেই নজর কাড়েন বাংলাদেশের এই স্পিনার। ১২ ম্যাচে ২০.৮৬ গড়ে ও ৭.৮২ ইকোনমি রেটে ১৫ উইকেট নিয়ে মৌসুম শেষ করেন তিনি। তাঁর সেরা বোলিং ফিগার ছিল ২৬ রানে ৩ উইকেট।
দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মৌসুম শেষে হারিকেন্সের বর্ষসেরা বিবিএল খেলোয়াড় নির্বাচিত হন রিশাদ। তাঁকে আবারও দলে নেওয়ার ক্ষেত্রে হোবার্টে ফেরার আগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির হাই পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক সালিয়ান বিমস।
বিমস বলেন, ‘রিশাদ আমাদের স্পষ্ট জানিয়েছিল, গত মৌসুমে হোবার্টে তার সময়টা দারুণ কেটেছে এবং সে আবার ফিরতে চায়। বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্ব বহন করেছে।’
অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পাকে দলে নেওয়ায় হারিকেন্সের দলীয় সমীকরণে পরিবর্তন এলেও রিশাদের মতো মানসম্পন্ন খেলোয়াড়কে ধরে রাখার সুযোগ হাতছাড়া করতে চাননি তারা বলে জানান বিমস।
রিশাদের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, ‘প্রথমবার বিগ ব্যাশে খেলতে এসে প্রতিটি ম্যাচে অংশ নেওয়া এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে মৌসুম শেষ করা তার সামর্থ্য ও অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা প্রমাণ করে।’
একই দলে রিশাদ ও জাম্পার উপস্থিতি বোলিং আক্রমণে বৈচিত্র্য বাড়াবে বলে মনে করছে হোবার্ট। কন্ডিশন, প্রতিপক্ষ ও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দুই লেগস্পিনারকে কাজে লাগিয়ে কৌশল সাজানোর সুযোগ বাড়বে বলেও জানান বিমস।
বিগ ব্যাশের ১৬তম আসর ২০২৬ সালের ডিসেম্বরে শুরু হওয়ার কথা।
এসএস