শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করতে বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় বইপড়া কর্মসূচি সম্প্রসারণ করেছে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্র। এ কর্মসূচির আওতায় চলতি বছর দেশজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ হাজার বই বিতরণ করা হচ্ছে।
এর অংশ হিসেবে সম্প্রতি বাগেরহাট ও সাতক্ষীরার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। বাগেরহাটের প্রতিষ্ঠানগুলো হলো বাগেরহাট আমলাপাড়া উচ্চ বিদ্যালয়, বাগেরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ, বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বাগেরহাট কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।
সাতক্ষীরার প্রতিষ্ঠানগুলো হলো সাতক্ষীরা প্রাণনাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।
বিকাশ ও আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তন ও সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোঃ বাতেন এবং সাতক্ষীরার জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর কবীর নিজ নিজ জেলার অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এ সময় বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান এবং বিকাশের রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট সায়মা আহসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বইপড়া কার্যক্রমকে আরও জনপ্রিয় করতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সমসাময়িক বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে কুইজে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। দুই অনুষ্ঠানে প্রায় ৭০০ শিক্ষার্থী উপস্থিত ছিল।
পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, কল্পনাশক্তি ও মানবিক মূল্যবোধ বিকাশের মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র দীর্ঘদিন ধরে দেশজুড়ে বইপড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। এ উদ্যোগকে আরও বিস্তৃত ও কার্যকর করতে ২০১৪ সাল থেকে কর্মসূচিটির সঙ্গে যুক্ত রয়েছে বিকাশ।
কর্মসূচির আওতায় এ পর্যন্ত দেশজুড়ে চার লাখের বেশি বই বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২ লাখের বেশি পাঠক উপকৃত হয়েছেন।
এসএস