রাজশাহী মহানগরীর হেতেমখাঁ বড় মসজিদ থেকে বর্ণালী মোড় পর্যন্ত সড়কের উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির কাজ বন্ধ থাকায় চলাচলে ভোগান্তিতে থাকা স্থানীয় বাসিন্দা ও রিকশাচালকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সড়কটির কার্পেটিং ও সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি সড়কের কাজের গুণগত মান ও কার্পেটিংয়ের ফিনিশিং পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এর আগে গত ২৬ এপ্রিল সড়কটি পরিদর্শন করে নাগরিক দুর্ভোগ লাঘবে থেমে থাকা উন্নয়নকাজ দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছিলেন রাসিক প্রশাসক। সংশ্লিষ্টদের উদ্যোগে অবশেষে সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হলো।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সড়কটির কাজ শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দা মোঃ ফায়সাল আহমেদ বলেন, দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত চলাচলে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। কাজ শেষ হওয়ায় এখন স্বস্তি ফিরেছে।
রিকশাচালক আজিজুল ইসলাম বলেন, সড়কটি খারাপ থাকায় যাত্রী নিয়ে চলাচলে কষ্ট হতো এবং রিকশারও ক্ষতি হতো। এখন কাজ শেষ হওয়ায় সহজে চলাচল করা যাবে বলে আশা করছেন তিনি।
স্থানীয় বাসিন্দা মো. রহিমও সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তাঁর মতে, গুরুত্বপূর্ণ সড়কটির কাজ দীর্ঘদিন অসম্পূর্ণ থাকায় এলাকাবাসীকে দুর্ভোগে পড়তে হয়েছিল।
সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হওয়ায় হেতেমখাঁ ও বর্ণালী এলাকার বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে আশা করছেন স্থানীয়রা।
সানোয়ার আরিফ/এসএ