সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী মোট ৮৬টি ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৩ হাজার ৪৯০ জন যাত্রী।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) হালনাগাদ তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৩৬টি সরাসরি সৌদিগামী এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের সাতটি এবং সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি ফ্লাইট রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিয়াদগামী বিভিন্ন ফ্লাইটসহ ১৪টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত রাখার কথা জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।
ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, এমিরেটস এয়ারলাইনসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালামএয়ারের চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।
নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচলে এ বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে সৌদি আরবগামী যাত্রীদের পাশাপাশি ট্রানজিটে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করা যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।
সংশ্লিষ্ট যাত্রীদের ভ্রমণের আগে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
এফএস