দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে এগিয়ে গিয়েছিল বায়ার্ন মিউনিখ। তবে শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয়েছে জার্মান জায়ান্টদের। নাটকীয় ম্যাচে নরওয়ের ক্লাব ভাইকিং এফকে-এর সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বায়ার্ন।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ভাইকিং। ২ মিনিটে গিয়ানি স্টেনসনেসের গোলে লিড নেয় স্বাগতিকরা। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিটার ক্রিশ্চিয়ানসেন। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন।
বিরতির পর ম্যাচে ফেরে জার্মান ক্লাবটি। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেইন। ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোলে সমতা ফেরান ইংলিশ স্ট্রাইকার।
এরপর ৭১ মিনিটে লুইস দিয়াজের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। কিন্তু তিন মিনিট পর মাইকেল অলিসে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা।
সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের শেষ মুহূর্তে সমতা ফেরায় ভাইকিং। ৯০ মিনিটে হারমান হাউগেনের গোলে ৩-৩ ব্যবধানে শেষ হয় ম্যাচ।
জোড়া গোল করেও দলকে জয় এনে দিতে পারেননি কেইন। অন্যদিকে, দুই গোলে এগিয়ে থাকার পরও পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সমতা ফেরানোয় স্বস্তি পেয়েছে ভাইকিং।
এফএস