ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জয়ের সুযোগ হারিয়ে আবুধাবি টেস্ট ড্র করল বাংলাদেশ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:১৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

আবুধাবি টেস্টের শেষ দিনে জয়ের জন্য সাত উইকেট প্রয়োজন ছিল বাংলাদেশের। সেদিকুল্লাহ আতালের সেঞ্চুরির পর তাইজুল ইসলামের ঘূর্ণিতে তাঁকে ফিরিয়ে জয়ের সম্ভাবনাও জোরালো করেছিল টাইগাররা। কিন্তু শেষ দিকে ইয়ামিন আহমাদজাই ও কায়েস আহমেদের দৃঢ়তায় ম্যাচ ড্র করে আফগানিস্তান।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে একমাত্র টেস্টের পঞ্চম দিনে ৩ উইকেটে ১৩২ রান নিয়ে ব্যাটিং শুরু করে আফগানিস্তান। বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৪৬ রানের জবাবে আফগানরা প্রথম ইনিংসে করেছিল ২৪০ রান। পরে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে। এতে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট বাঁচিয়ে খেলার কৌশল নেয় আফগানিস্তান। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সেদিকুল্লাহ আতাল ও হাশমতউল্লাহ শহীদি সতর্কতার সঙ্গে ব্যাটিং চালিয়ে যান।

একাধিকবার বোলিং পরিবর্তন করেও শুরুতে সাফল্য পাচ্ছিলেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রচণ্ড গরমে ক্র্যাম্পের কারণে প্রথম সেশনেই মাঠ ছাড়তে হয় শহীদিকে। তিনি করেন ৩৩ বলে ২০ রান।

লাঞ্চের কিছুক্ষণ আগে উইকেটের দেখা পায় বাংলাদেশ। ৭৮তম ওভারের প্রথম বলে এবাদত হোসেনের খাটো লেংথের বল পুল করতে গিয়ে ব্যর্থ হন ইকরাম আলিখিল। ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে। ডানদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন উইকেটকিপার লিটন দাস। ৬৯ বলে ৩৩ রান করে ফেরেন ইকরাম।

এরপর সেদিকুল্লাহ আতাল ও ইসমত আলম মিলে গড়েন ৪০ রানের জুটি। মেহেদী হাসান মিরাজের বলে অধিনায়ক শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইসমত। ৬০ বল খেলে মাত্র চার রান করেন এই ব্যাটার।

রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার পর আবার ব্যাটিংয়ে ফেরেন শহীদি। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। মিরাজের বলে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৬৯ বলে ৩৬ রান করা এই ব্যাটার।

অন্যদিকে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে যান আতাল। ধৈর্যশীল ইনিংসে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন আফগান এই ওপেনার। শেষ পর্যন্ত ৩৩২ বল খেলে ১১১ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল নয়টি চার ও তিনটি ছক্কা। তাইজুল ইসলামের বলে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আতাল।

আতালের বিদায়ের পর বাংলাদেশের জয়ের সম্ভাবনা আরও বাড়ে। তবে শেষ দিকে ইয়ামিন আহমাদজাই ও কায়েস আহমেদ প্রতিরোধ গড়ে তোলেন। তাঁদের দৃঢ়তায় শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে ৩৩৪ রান করে আফগানিস্তান। ফলে ড্র হয় ম্যাচটি।

বাংলাদেশের হয়ে এবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ তিনটি করে উইকেট নেন। তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ পান একটি করে উইকেট।

এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement