‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই স্লোগান ও প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলামের উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি দাপ্তরিক কাজের কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব স্বপন কুমার দত্ত, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, হোসেনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক মানসুরুল হক রবিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “কন্যাশিশুরাই আগামী দিনের আলোকিত ও সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক ব্যাধি। এই ব্যাধি দূর করে প্রতিটি কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে তারাই একদিন বিশ্বজয় করবে।”
অনুষ্ঠান শেষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এসএ