ওমান উপকূলে নোঙর করে থাকা একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার পর নিখোঁজ হয়েছেন দুই ভারতীয় নাবিক। নিকারাগুয়ার পতাকাবাহী ‘এমটি পেট্রো ডলফিন’ নামের জাহাজটিতে মোট ১১ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন।
হামলার পর তাঁদের মধ্যে নয়জনকে উদ্ধার করা হয়েছে। বাকি দুজনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
ভারতের জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, রোববার (১১ অক্টোবর) উত্তর ওমানের সোহর বন্দরের জলসীমায় নোঙর করা অবস্থায় ট্যাংকারটিতে ড্রোন হামলা হয়।
এতে জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাবিকের মধ্যে নয়জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
নিখোঁজ দুই নাবিককে উদ্ধারে স্থানীয় কোস্ট গার্ডের সহায়তায় অভিযান জোরদার করা হয়েছে।
ওমানের রাজধানী মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে।
এর আগে রোববার হরমুজ প্রণালিতে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী আরেকটি ট্যাংকার ‘এমটি ভালথেরা’ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। ওই জাহাজেও ১১ জন ভারতীয় ক্রু ছিলেন। হামলার পর জাহাজটিতে আগুন ধরে গেলেও সব নাবিক নিরাপদে ছিলেন।
ভারতের জাহাজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজে নাবিক সরবরাহের ক্ষেত্রে ভারত অন্যতম শীর্ষ দেশ। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, দেশটিতে সক্রিয় নাবিকের সংখ্যা তিন লাখ ২০ হাজারের বেশি।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় কয়েকজন ভারতীয় নাবিকের প্রাণহানির খবরও পাওয়া গেছে।
এ ছাড়া গত সপ্তাহে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি পার হওয়ার সময় পানামার পতাকাবাহী আরেকটি জাহাজে হামলা হয়। ওই ঘটনার নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলা অত্যন্ত উদ্বেগজনক। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
তথ্যসূত্র:ইন্ডিয়ান এক্সপ্রেস