ফ্রান্সের একটি জাদুঘর থেকে চুরি হওয়া বিশ্বখ্যাত চিত্রশিল্পী পিয়েরে-অগুস্ত রেনোয়ারের দুটি মূল্যবান চিত্রকর্ম উদ্ধার করা হয়েছে। ঘটনার এক মাস পর চিত্রকর্ম দুটি উদ্ধারের পাশাপাশি ছয় সন্দেহভাজনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।
গত ৮ সেপ্টেম্বর ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় রিভিয়েরা এলাকার কাগন-সুর-মের শহরে অবস্থিত রেনোয়া জাদুঘরে চুরির ঘটনা ঘটে। বাগানের বেড়া কেটে ভেতরে ঢোকার পথ তৈরি করে চোরেরা। পরে একটি জানালা দিয়ে জাদুঘরে প্রবেশ করে চিত্রকর্ম দুটি নিয়ে পালিয়ে যায় তারা।
উদ্ধার হওয়া চিত্রকর্ম দুটি হলো ‘মাদাম কোলোনা রোমানো’ ও ‘ইয়াং ওম্যান অ্যাট দ্য ওয়েল’। দুটিই প্যারিসের ওরসে জাদুঘরের মালিকানাধীন এবং প্রদর্শনীর জন্য রেনোয়া জাদুঘরে রাখা হয়েছিল। এগুলোর মূল্য কয়েক লাখ ডলার।
শুক্রবার কাগন-সুর-মেরের মেয়র ব্রায়ান ম্যাসন এক বিবৃতিতে চিত্রকর্ম উদ্ধারের খবর জানান। তিনি বলেন, এই সংবাদ শহরটির বাসিন্দাদের জন্য অপরিসীম আনন্দ ও স্বস্তির।
তবে কীভাবে চিত্রকর্ম দুটি উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি মার্সেইয়ের সরকারি কৌঁসুলির দপ্তর। তদন্তে ব্যাঘাত ঘটতে পারে এমন আশঙ্কায় মেয়র একটি সংবাদ সম্মেলনও বাতিল করেন।
চুরির সময় দুর্বৃত্তরা আরও দুটি চিত্রকর্ম নিয়ে গিয়েছিল ‘মাদাম পিশোঁ’ ও ‘কোকো রিডিং’। দ্বিতীয় চিত্রকর্মটিতে রেনোয়ার ছোট ছেলে ক্লদকে পড়তে দেখা যায়। তবে পুলিশের অ্যালার্মে সতর্ক হয়ে সদস্যরা ধাওয়া করলে চোরেরা বাগানেই ওই দুটি চিত্রকর্ম ফেলে যায়।
রেনোয়া ছিলেন ইমপ্রেশনিস্ট শিল্পধারার অন্যতম গুরুত্বপূর্ণ চিত্রশিল্পী। তার আঁকা শিল্পকর্ম নিলামে কয়েক কোটি ডলার পর্যন্ত দামে বিক্রি হয়েছে।
সূত্র: রয়টার্স
টিআই