কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটায় কাজ করার সময় ইটের দেওয়াল ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার চরপুমদী ইউনিয়নের রামপুর এলাকায় সজলের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামপুর এলাকায় অবস্থিত সজলের ইটভাটায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। কাজের একপর্যায়ে কাঁচা বা তৈরি ইটের বিশাল দেওয়াল হঠাৎ ধসে শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত অপর দুই শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তকরণসহ ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এসএ