
সংগৃহীত ছবি
এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হলেও ব্যক্তিগতভাবে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন কয়েকজন ক্রিকেটার। সর্বশেষ প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। একই সঙ্গে সেরা দশে জায়গা করে নিয়েছেন শেখ মেহেদি হাসান।
বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন নাসুম। টি-টোয়েন্টিতে এটিই তার ক্যারিয়ারসেরা র্যাঙ্কিং। এর আগে সর্বোচ্চ ১০ নম্বরে ছিলেন তিনি। এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একটি উইকেট নেওয়ার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২ ওভার বল করে ৮ রান দেন নাসুম।
অন্যদিকে ১০ ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন শেখ মেহেদি হাসান। টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল অষ্টম। এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে একটি উইকেট নেওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।
বাংলাদেশের আরেক লেগ স্পিনার রিশাদ হোসেনও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। এশিয়ান গেমসে দুই ম্যাচে একটি করে উইকেট পাওয়া রিশাদ দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠেছেন।
ব্যাটসম্যানদের মধ্যে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শুধু তাওহিদ হৃদয়ের। পাকিস্তানের বিপক্ষে ৪২ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ১১ রান করে তিন ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছেন তিনি।
তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ওপরে থাকা তানজিদ হাসান চার ধাপ পিছিয়ে যৌথভাবে ২১ নম্বরে নেমেছেন।
এসএস