ঝিনাইদহের কালীগঞ্জে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শহরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আ স ম আব্দুস সামাদ কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইকেলে বৈশাখী তেল পাম্পের সামনে থেকে অফিসে যাচ্ছিলেন আব্দুস সামাদ। পথে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে আব্দুস সামাদ ও ইজিবাইকচালক নুর হোসেন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেন। আহত ইজিবাইকচালক নুর হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কালীগঞ্জ থানার ওসি দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জাফর উদ্দীন রাজু / এফএস