দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, বরিশাল বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে একজন, খুলনা বিভাগে দুজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ৩৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২০, খুলনায় ২৪৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১০, বরিশালে ২১২, রাজশাহীতে ২১১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯, ময়মনসিংহে ১০২, রংপুরে ৯৯ এবং সিলেটে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ১১৪ জন, খুলনায় ৪৭, চট্টগ্রামে ২৪, ময়মনসিংহে ২০, বরিশালে ১৯, রাজশাহীতে ১৪, রংপুরে ছয় এবং সিলেটে একজন মারা গেছেন।
এসএস