সৌদি আরবের ওপর হুথিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ। তিনি বলেছেন, সৌদি আরবের ওপর যেকোনো হামলা মরক্কোর ওপর হামলার শামিল।
শনিবার সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে পৃথক বার্তা পাঠান মরক্কোর রাজা।
বার্তায় তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর নিরাপত্তা মরক্কোর নিজস্ব নিরাপত্তার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত।
তিনি সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি মরক্কোর দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে দুই দেশের অভিন্ন কৌশলগত স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেন।
সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং আবাসিক এলাকায় হুথিদের হামলার পর মরক্কোর রাজার এ অবস্থান সামনে এলো।
এফএস