এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টায় নিশিনে অনুষ্ঠিত হবে ম্যাচটি। জয় পেলেই সেমিফাইনালে উঠবে বাংলাদেশ।
শনিবার বৃষ্টির কারণে মালয়েশিয়া ও ওমানের ম্যাচটি পরিত্যক্ত হয়। টসও করা সম্ভব হয়নি। ফলে দুই দল এক পয়েন্ট করে ভাগ করে নেয়। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া। ২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় হংকং, চায়না। ১ পয়েন্ট পাওয়া ওমান গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।
আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়া চার দলের প্রতিপক্ষও চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। পাকিস্তানের প্রতিপক্ষ হংকং, চায়না, ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা খেলবে নেপালের বিপক্ষে।
মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের আগের এশিয়ান গেমসের স্মৃতিও জড়িয়ে আছে। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে মাত্র ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবারও শেষ চারে ওঠার লড়াইয়ে একই প্রতিপক্ষকে পাচ্ছে তারা।
এদিকে শনিবার বৃষ্টির কারণে নেপাল ও জাপানের ম্যাচও পরিত্যক্ত হয়েছে। এতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে জাপানের। নেপাল জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে।
এসএস