পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান শহরে একটি নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরণে অন্তত ১১ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ডেরা ইসমাইল খানে একটি চেকপোস্টের কাছে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বিস্ফোরণের ধরন বা এর পেছনে কারা রয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে মাঝেমধ্যেই হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সর্বশেষ বিস্ফোরণের দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
সূত্র: আল-জাজিরা
টিআইএস