ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ধর্ষণের দুটি অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস। আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এসেক্সের ২৪ বছর বয়সী এই ব্যাটারকে।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো বৃহস্পতিবার এই খবর দিয়েছে। অভিযোগ ওঠার পরপরই রবিনকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কাউন্টি ক্লাবটি।

২০২৪ সালের ৩০ মার্চ লন্ডনের ব্রিকস্টনে এক নারীকে ধর্ষণের অভিযোগে গত বছরের ২৭ আগস্ট রবিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপর দীর্ঘ তদন্ত শেষে পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে গত ২৩ জুলাই তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ধর্ষণের দুটি অভিযোগ (চার্জ) গঠন করা হয়। ওয়ানডে কাপে মিডলসেক্সের বিপক্ষে চলতি মৌসুমে এসেক্সের হয়ে নিজের প্রথম ও একমাত্র ম্যাচ খেলার মাত্র দুই দিন পর তার বিরুদ্ধে এই অভিযোগপত্র দেওয়া হয়।

এক বিবৃতিতে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ‘ওয়ার্থাম ফরেস্টের কুইন্স রোডের বাসিন্দা রবিন দাসের বিরুদ্ধে ২৩ জুলাই ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের ৩০ মার্চ ব্রিকস্টনে একজন নারী ধর্ষিত হওয়ার খবরের সূত্র ধরে ২০২৫ সালের ২৭ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ভুক্তভোগী ওই নারীকে বিশেষজ্ঞ কর্মকর্তারা সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন।’

আইনি পদক্ষেপ ও বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব নিশ্চিত করছে যে, চুক্তিবদ্ধ একজন পুরুষ ক্রিকেটার সম্প্রতি ক্লাবের বাইরের একটি ঘটনার সূত্রে আদালতে হাজির হয়েছেন। এ বিষয়ে শুরু থেকেই ইসিবি, পিসিএ, ক্রিকেট রেগুলেটর ও সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে এই ক্লাব সার্বিক যোগাযোগ রক্ষা করে চলেছে, যার অংশ হিসেবে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। এই ক্লাব সব ধরনের আইনগত প্রক্রিয়া ও নির্দেশনা মেনে চলা অব্যাহত রাখবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের কঠোর সুরক্ষানীতি ও মানবসম্পদ সম্পর্কিত নীতিমালা রয়েছে। এসেক্সের সকলকে সব সময় সর্বোচ্চ পেশাদার আচরণ বজায় রাখতে হয়। যেহেতু আইনি প্রক্রিয়া চলমান, তাই এই মুহূর্তে এই ক্লাবের পক্ষ থেকে নতুন করে আর কোনো মন্তব্য করা সম্ভব নয়।’

২০২০ সালে এসেক্সের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল রবিনের। ডানহাতি এই ব্যাটার তাদের এখন পর্যন্ত নয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন । ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি সেঞ্চুরি হাকিয়ে নজর কেড়েছিলেন। ওই মৌসুমেই টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে ওঠা এসেক্সের স্কোয়াডে ছিলেন তিনি।

রবিনের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। তার বাবা বাংলাদেশি। ইংল্যান্ডে পাড়ি জমিয়ে থিতু হওয়ার আগে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতেও খেলে গেছেন রবিন। ২০২৩ সালের আসরের জন্য তাকে দলে টেনেছিল ঢাকা ডমিনেটর্স। তবে তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। দুটি ম্যাচ খেলে দুটিতেই শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন।

এসএফ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement