সুনামগঞ্জের জগন্নাথপুরে ইটাখলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হওয়া মাহি আহমদ (৬) নামে এক শিশুর মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে উপজেলার শিবগঞ্জ বাজারের খাশিয়াপাড়া খেয়াঘাট এলাকায় ইটাখলা নদীর পানিতে মরদেহটি ভেসে ওঠে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুকচালক আক্তার মিয়ার ছেলে মাহি আহমদ তার বোনের সঙ্গে স্থানীয় ইটাখলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয় সে।
খবর পেয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। তবে দীর্ঘ সময় অভিযান চালিয়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
দুই দিন পর রোববার সকালে নদীর পানিতে মাহির মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা দেখতে পান।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জুয়েল আহমদ / এফএস