দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
আগুন লাগা বাসটির নাম ‘নিউ ক্লাসিক্যাল’। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৯১২৪। এটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন এবং দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করত।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে বাসটি দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা ছিল।
এ সময় হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে তারা দ্রুত গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার ইয়াহিয়া বলেন, রাত ১টা ১০ মিনিটে খবর পাই দৌলতদিয়ায় একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ১টা ১৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। পরে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাশাপাশি আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে স্থানীয়রা ধারণা করছে কেউ ইচ্ছাকৃতভাবে বাসটিতে আগুন ধরিয়ে দিতে পারে। তবে আগুনের সূত্রপাত নিশ্চিত করে কেউ জানাতে পারেনি।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, বাসে আগুন লাগার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
সিরাজুল ইসলাম/এসএফ