ঢাকা-আরিচা মহাসড়কের সাভার গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা পরিষদের গেটের সামনে শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী আনসার সদস্য বিশ্বজিৎ জানান, সন্ধ্যার দিকে সড়কে বিকট শব্দ শুনতে পান তিনি। পরে ঘটনাস্থলে এসে ককটেল বিস্ফোরণের বিষয়টি জানতে পারেন। তবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা বলতে পারেননি স্থানীয় পথচারীরা।
রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের খবর তারা পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
-টিএস