সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ইউরো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দাবি করেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী একটি ‘শত্রুতামূলক অভিযান’ পরিচালনাকারী সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তিনি জানান, এ অভিযানে হুতিদের নিজস্বভাবে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
সারি আরও অভিযোগ করেন, সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে প্রায় ৪৫০টি হামলা চালিয়েছে। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে মক্কায় হামলার অভিযোগও প্রত্যাখ্যান করেছে হুতি। সারি বলেন, তাদের সামরিক অভিযানগুলো তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পরিচালিত হয়, যেগুলো পবিত্র স্থানগুলো থেকে দূরে অবস্থিত।
এর আগে মক্কায় হামলার অভিযোগ তুলে হুতিদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, দুই পবিত্র মসজিদের নিরাপত্তা ও তীর্থযাত্রীদের সুরক্ষা জোটের জন্য ‘রেড লাইন’ এবং হুতিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা দ্বিধা করবে না।
মঙ্গলবার সৌদি আরব মক্কা এবং ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কতা জারি করে। ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর মক্কাকে ঘিরে এটি ছিল প্রথম এ ধরনের সতর্কতা। এর একদিন আগে ইয়েমেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথা জানায় সৌদি কর্তৃপক্ষ। ওই হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে ১৩ জন আহত হন বলে জানানো হয়।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মক্কায় হামলার অভিযোগকে ‘কাপুরুষোচিত ও জঘন্য’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন। মুসলিম-প্রধান ৫৭ দেশের জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনও (ওআইসি) হামলার নিন্দা জানিয়েছে।
আরএন