চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আসবাবপত্রসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোমপাড়া এলাকার মোবারক আলী তালুকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর রক্ষা করা সম্ভব হয়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রতিভা রানী নাথের ভাড়াটিয়া খোকন মজুমদার, মিলন দে ও তপু দাশের বসতঘর এবং বাড়ির মালিকের একটি স্টোররুমসহ মোট পাঁচটি ঘর আসবাবপত্রসহ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন রয়েছে।
ইউএন/আরএন