পিরোজপুরের কাউখালীতে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, খেলনা পিস্তল, ভুয়া অস্ত্রের লাইসেন্স ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ মো. শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তার কাছে মৃত শাখাওয়াত হোসেনের দোতলা ভবনের ছাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে কাউখালী থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায় এসব তথ্য জানান।
তিনি বলেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভবনের ছাদ থেকে শাওনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তার কাছ থেকে উদ্ধার ৬৯টি কার্তুজের গায়ে ‘Rubber Buckshot, 2023-BP-67mm, Made in Cyprus’ লেখা রয়েছে। এছাড়া দুটি ওয়াকিটকি সেট, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড ও একটি চামড়ার অস্ত্রের কভার উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শাওন শিয়ালকাঠী গ্রামের মৃত মো. শাখাওয়াত হোসেন ও মৃত বিউটি আক্তারের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা সামগ্রীর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে এজাহার দায়ের ও মামলা করার প্রস্তুতি চলছে।
রবিউল হাসান রবিন / এফএস