হরমুজ প্রণালিতে তেলবাহী একটি জাহাজ নৌমাইনে আঘাত লেগে ক্ষতিগ্রস্ত হওয়ার ইরানের দাবি নাকচ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, জাহাজটি মাইনে আঘাত পায়নি; বরং ইরানের হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ এল গাইয়া হরমুজ প্রণালি অতিক্রমের সময় নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। পরে জাহাজটি বিস্ফোরিত হওয়ার কথাও জানায় ইরানি পক্ষ।
তবে সেন্টকমের বক্তব্য, এল গাইয়া এর আগে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে আবারও ইরানের একটি ড্রোন জাহাজটিকে আঘাত করে। মার্কিন বাহিনী ইরানের মাইন বিস্ফোরণের দাবি সম্পূর্ণ মিথ্যা বলেও উল্লেখ করেছে।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এই জলপথে সাম্প্রতিক সংঘাতের কারণে বাণিজ্যিক জাহাজ চলাচলও ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
জাহাজটির ক্ষয়ক্ষতি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের বক্তব্যে স্পষ্ট বিরোধ দেখা দেওয়ায় হরমুজ প্রণালিতে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে এই অঞ্চলে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
এফএস