ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘গোপন রাজনীতি করি না, সাহস থাকলে সামনে আসেন’: জাহিদ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৭ পিএম
X
Advertisement

‘আমরা গোপন রাজনীতি করি না, সাহস থাকলে সামনে আসেন’- এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ।

রোববার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহিদ বলেন, ‘উনারা বাইরে বসে অনেক আস্ফালন করছেন। আমরা ওই গোপন রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। যদি সৎ সাহস থাকে, সামনে আসেন।’

বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন, দেশের সম্পদ লুণ্ঠন করেছেন এবং মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছেন। সেগুলোর হিসাব বাংলাদেশের মাটিতে হবে।’

তিনি আরও বলেন, ‘যদি সৎ সাহস থাকে, আপনারা আইন-আদালতের মাধ্যমে সেগুলোর মুখোমুখি হন। তাহলে পালিয়ে থাকার দরকার নেই, অন্য দেশে গিয়ে আশ্রয় নেওয়ারও প্রয়োজন পড়ে না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা ও উসকানির অভিযোগ তুলে মন্ত্রী বলেন, তারা বুঝতে পারছেন দেশে তাদের অবস্থান কোথায়। এ কারণে বিদেশে বসে সামাজিক যোগাযোগমাধ্যম, এআইসহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের উসকানি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘কখনো সারের নামে, কখনো বিদ্যুতের নামে এবং কখনো অন্য কোনো ইস্যুতে একটি মব কালচার সৃষ্টি করে আইন ও দেশের স্থিতিশীলতা নষ্ট করার যে অপচেষ্টা চলছে, বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না।’

বিগত ১৭ বছরের শাসনব্যবস্থার সমালোচনা করে ডা. জাহিদ বলেন, এ দেশের মানুষ অনির্বাচিত সরকার, ‘রাতের সরকার’, বিনা ভোটের সরকার এবং ‘ডামি নির্বাচনের সরকার’ দেখেছে। এসব সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন সময় মানুষের ওপর অত্যাচার-নির্যাতন এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যে, তাদের দেশে থাকার মতো সৎ সাহসও ছিল না।

ওয়ান-ইলেভেনের পর থেকে বিএনপির আন্দোলনের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, যত স্বৈরাচারী শাসনই করা হোক না কেন, বিএনপি দেশে থেকে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সব সময় মাঠে দায়িত্ব পালন করেছে।

ডা. জাহিদ বলেন, ‘আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, লাখ লাখ নেতাকর্মীকে জেলখানায় রাখা হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারপরও বিএনপির নেতাকর্মীদের মনোবল একটুও টলাতে পারেনি।’

বিএনপির নেতাকর্মীদের দলীয় আনুগত্যের প্রশংসা করে তিনি বলেন, ‘এত প্রতিকূলতার পরও বিএনপির কোনো নেতাকর্মী দলের প্রতি আনুগত্যের ক্ষেত্রে কোনো ধরনের কমতি দেখাননি।’


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement