বিদেশের বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক সাজা ভোগ করছেন। তাদের আইনি সহায়তা থেকে শুরু করে সাজা শেষে দেশে ফেরাতে সংশ্লিষ্ট দূতাবাস ও মিশনগুলো কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার জাতীয় সংসদে যশোর-৫ আসনের সংসদ সদস্য কাজী এনামুল হকের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বিদেশের কারাগারে থাকা বাংলাদেশিরা সংশ্লিষ্ট দেশের আইন ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী সাজা ভোগ করছেন। তাদের অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলো প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেয়।
পররাষ্ট্রমন্ত্রী জানান, দূতাবাসের কর্মকর্তারা নিয়মিত কারাগার ও আটককেন্দ্র পরিদর্শন করে বাংলাদেশি বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করেন। কোনো বন্দি আইনজীবীর খরচ বহন করতে না পারলে তার জন্য সরকারি আইনজীবীর ব্যবস্থা করা হয়। প্রয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গেও সমন্বয় করা হয়।
সাজা শেষ হওয়ার পর কিংবা জরিমানা পরিশোধের পর সংশ্লিষ্ট বাংলাদেশিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। এ ক্ষেত্রে পরিবারের সদস্য বা সরকারিভাবে বিমানের টিকিটের ব্যবস্থা করা যায়। প্রয়োজন হলে দেশে ফেরার জন্য জরুরি ট্রাভেল পাসও দেওয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে বিদেশের বিভিন্ন কারাগারে ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক সাজা ভোগ করছেন। তবে সংসদে দেওয়া জবাবের প্রকাশিত তথ্যে কোন দেশে কতজন বাংলাদেশি বন্দি রয়েছেন, তার দেশভিত্তিক হিসাব উল্লেখ করা হয়নি।
এফএস