দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৪৯২ জন ডেঙ্গুরোগী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ২০২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩২৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫১ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ১২২ জন, রংপুর বিভাগে ৫৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৪৮ হাজার ৪৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ১৩৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে ছয়জনের।
এদিকে, চলতি বছরে এ পর্যন্ত ৪৪ হাজার ৮৫৭ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৩০৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।
আরএন