ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার রাতে উপজেলার ভায়না বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোনায়েম হোসেন (৫৫) ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে। তিনি ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভায়না বাজারের একটি স্কুলের পাশে দাঁড়িয়ে ছিলেন মোনায়েম হোসেন। এ সময় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
মোনায়েমের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে তাঁর মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘ঘটনাটি কারা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে জানতে পেরেছি।’
হামলার কারণ এবং হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা করছে পুলিশ।
এফএস