খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তৃণমূল পর্যায় থেকে অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরি এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বুধবার বিকেলে বগুড়ায় জেলা প্রশাসনের আয়োজনে ‘জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৃণমূল পর্যায় থেকে নতুন করে কাজ শুরু করেছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, ‘ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরির পরিকল্পনা করেছি। পাশাপাশি উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।’
বগুড়ায় ‘আরাফাত রহমান কোকো স্পোর্টস ভিলেজ’ নির্মাণের উদ্যোগের কথাও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, বগুড়ায় দ্রুত একটি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। এ বিষয়ে সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবং দ্রুতই এর বাস্তবায়ন শুরু হবে।
খেলার মাঠে দর্শকদের বসার জায়গার সংকটের কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, মাঠটির চারপাশে দ্রুত গ্যালারি নির্মাণ করা হবে। ভবিষ্যতে দর্শকেরা গ্যালারিতে বসে স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারবেন।
নিজের সঙ্গে মাঠটির পুরোনো স্মৃতির কথাও তুলে ধরেন তিনি। আমিনুল হক বলেন, নির্বাচনের কিছুদিন আগে তিনি নিজেও এই মাঠে এসে খেলেছেন। সেই মাঠে আবার ফাইনাল ম্যাচে উপস্থিত থাকতে পেরে তিনি আনন্দিত।
দেশের প্রতিটি জেলা ও বিভাগীয় শহরে খেলাধুলার প্রসার ঘটানোর প্রত্যয় ব্যক্ত করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের মাদক ও বিভিন্ন ধরনের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার পরিসর আরও বাড়াতে হবে।
তিনি বলেন, ‘আমরা আমাদের সন্তানদের ডিভাইসের হাত থেকে দূরে রাখতে চাই। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে চাই। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ, মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারব।’
জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বগুড়া সিটি করপোরেশন চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
জেবি