কক্সবাজারের উখিয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহীন এবং যায়যায়দিন পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি ফারুক আহমেদ। এ নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি অবজারভার-এর কক্সবাজার প্রতিনিধি এএইচ সেলিম উল্লাহ। তিনি পেয়েছেন ২১ ভোট।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উখিয়া প্রেস ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১৩টি পদের বিপরীতে চারটি পদে ভোটগ্রহণ হয়েছে। চারটি নির্বাহী সদস্য পদসহ নয়টি পদে একক প্রার্থী থাকায় তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম হেলালী মঙ্গলবার বিকেলে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে ২৭ জন সাংবাদিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হওয়া চারটি পদের মধ্যে সভাপতি পদে সাইফুর রহিম শাহীন ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউল ইসলাম আজাদ পেয়েছেন ৯ ভোট।
সহ-সভাপতি পদে সর্বাধিক ২১ ভোট পেয়ে নির্বাচিত হন এএইচ সেলিম উল্লাহ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল লতিফ বাচ্চু পেয়েছেন ৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। তাঁর দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবির জুশান পেয়েছেন ৬ ভোট এবং কাজী হুমায়ুন কবির বাচ্চু পেয়েছেন ৩ ভোট।
সরাসরি ভোটে সাহিত্য, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক পদে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউল আলম পেয়েছেন ৮ ভোট।
অপরদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আজিজ, সহ-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম রুবেল, অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, দপ্তর ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফেরদৌস এবং নির্বাহী সদস্য সাঈদ মুহাম্মদ আনোয়ার হোসেন, আমানুল হক বাবুল, মুহাম্মদ নুরুল হক ও রতন কান্তি দে।
এবারের নির্বাচনে দায়িত্ব পালন করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, দুই নির্বাচন কমিশনার—কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী এবং উখিয়া প্রেস ক্লাবের সদস্য জসিম উদ্দিন চৌধুরী।
এসইউ/আরএন