গাজীপুরের কাশিমপুর মহিলা হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্তি পেয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১২ মিনিটে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় সব কাগজপত্র যাচাই-বাছাই শেষে বিদিশা সিদ্দিককে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে প্রতারণার একটি মামলায় বিদিশা সিদ্দিককে জামিন দেন হাইকোর্ট। গত রোববার তার করা জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের আদেশ দেন।
আদালতে বিদিশার পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান খান ও মাসুদ মিয়া।
পরে আইনজীবী মাসুদ মিয়া জানান, বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে আর কোনো মামলা বিচারাধীন নেই। ফলে হাইকোর্টের জামিনের আদেশের পর তার কারামুক্তিতে কোনো আইনি বাধা নেই।
ব্যবসায়ী মোশাররফ হোসেন ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, বাদী ঢাকার মিরপুর-১০ এলাকার স্যানিটারি পণ্যের একজন আমদানিকারক ও ব্যবসায়ী। ওই মামলায় প্রতারণার অভিযোগ আনা হয় বিদিশার বিরুদ্ধে।
হাইকোর্টের জামিন আদেশের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে কাশিমপুর মহিলা হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক।
এনএ/আরএন