ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আজ তারেক রহমানের কারামুক্তি দিবস
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

আজ ৩ সেপ্টেম্বর বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তারের পর দীর্ঘ ৫৫৪ দিন কারাবন্দি থাকার অবসান ঘটে ২০০৮ সালের এই দিনে। রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সব মামলায় জামিন পাওয়ার পর তিনি মুক্তি লাভ করেন।

২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে রাজধানীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে পরিচালিত অভিযানের সময় তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারের পর বিভিন্ন মামলায় তাকে দীর্ঘ সময় কারাবন্দি থাকতে হয়।

কারাগারে থাকা অবস্থায় তাকে রিমান্ডে নেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে সে সময় অভিযোগ করা হয়, রিমান্ডের নামে তার ওপর অমানবিক ও নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছিল। নির্যাতনের একপর্যায়ে তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়। 

শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘ কারাবাসের কারণে তারেক রহমানের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একে একে বিভিন্ন মামলায় জামিন পেতে শুরু করেন তিনি। অবশেষে সব মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থাতেই কারামুক্ত হন বিএনপির এই নেতা।

কারামুক্তির পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তারেক রহমান। গুরুতর শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দিলে উচ্চ আদালতের নির্দেশে তাকে লন্ডনে নেওয়া হয়। ২০০৮ সালের পর থেকে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করে চিকিৎসা নেওয়ার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন তিনি।

তার সঙ্গে লন্ডনে যান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা জাইমা রহমান। এরপর দীর্ঘ সময় ধরে লন্ডনই হয়ে ওঠে তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। দূর প্রবাসে থেকেও বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দীর্ঘ নির্বাসিত জীবনের মধ্যেও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন তারেক রহমান। দলীয় বিভিন্ন কর্মসূচি, সাংগঠনিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক আন্দোলনে তিনি লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে আসছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

তারেক রহমানের রাজনৈতিক জীবনে ২০০৭ সালের গ্রেপ্তার ও পরবর্তী দীর্ঘ কারাবাস একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। ৫৫৪ দিনের সেই কারাজীবন, শারীরিক অসুস্থতা, হাসপাতাল থেকে মুক্তি এবং পরবর্তী লন্ডনযাত্রা। সব মিলিয়ে তার রাজনৈতিক জীবনে বড় ধরনের পরিবর্তন আসে।

আজকের এই দিনে বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের কারামুক্তির ঘটনাকে স্মরণ করছেন। দলটির কাছে দিনটি শুধু একজন নেতার কারামুক্তির দিন নয়, বরং দীর্ঘ প্রতিকূলতার পর রাজনৈতিকভাবে নতুন অধ্যায়ের সূচনার দিন হিসেবেও গুরুত্ব বহন করে।

২০০৮ সালের ৩ সেপ্টেম্বর পিজি হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পর শুরু হয়েছিল তারেক রহমানের দীর্ঘ প্রবাসজীবন। সেই প্রবাসজীবনের মধ্য দিয়েই তিনি বিএনপির রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে আসেন এবং পরবর্তীতে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় কারামুক্তির এই দিনটি তাই তার রাজনৈতিক জীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে রয়েছে। 

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement