টাঙ্গাইলের সখীপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক স্বাস্থ্য সহকারী নিহত হয়েছেন। বুধবার (০২ সেপ্টেম্বর) বেলা একটার দিকে নলুয়া-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আউয়াল শফিক (৪০) উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালি গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থল যাদবপুর থেকে ইপিআই-এর কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নলুয়া বাজারের পশ্চিম পাশে পৌঁছালে একটি দ্রুতগতির যানবাহন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং তার মৃত্যু নিশ্চিত হয়। স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, কোনো দ্রুতগতির অজ্ঞাত যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, নিহত ব্যক্তির মরদেহ থানায় আনা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএস/আরএন