ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টঙ্গীতে হাজী মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, পাঁচ শতাধিক ঘর উচ্ছেদ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:০৫ পিএম
X
Advertisement

গাজীপুর মহানগরীর টঙ্গীর আলোচিত হাজী মাজার বস্তিতে মাদকদ্রব্যের বেচাকেনা ও সেবন বন্ধে দফায় দফায় অভিযান চালানোর পর এবার বস্তি উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (৩১ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযানে রাজউকের অধিগ্রহণ করা জমিতে গড়ে ওঠা বিপুলসংখ্যক বস্তিঘর ভেঙে দেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদস্যরা উপস্থিত ছিলেন। রাজউকের উপপরিচালক লিটন সরকার অভিযানে নেতৃত্ব দেন।

জানা যায়, টঙ্গীর হাজী মাজার বস্তিটি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের বেচাকেনা ও সেবনের অভিযোগে আলোচনায় ছিল। বস্তিটিকে ঘিরে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও মাদকসেবীদের আটক করে। এরপরও সেখানে মাদকের কার্যক্রম পুরোপুরি বন্ধ না হওয়ায় বস্তি উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়।

সোমবার দুপুরে রাজউক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাজী মাজার বস্তিতে অভিযান শুরু করেন। এ সময় রাজউকের অধিগ্রহণ করা দুটি প্লটের প্রায় তিন বিঘা জমিতে গড়ে ওঠা পাঁচ শতাধিক বস্তিঘর উচ্ছেদ করা হয়। একে একে ঘরগুলো ভেঙে ফেলার পাশাপাশি রাজউকের অধিগ্রহণ করা জমি দখলমুক্ত করা হয়।

বস্তিবাসীদের অভিযোগ, রাজউকের পক্ষ থেকে স্বল্প সময়ের নোটিশ দেওয়ায় ঘরে থাকা প্রয়োজনীয় মালামাল সরিয়ে নেওয়ার পর্যাপ্ত সুযোগ পাননি তারা। ফলে অনেকের ঘরের আসবাবপত্র, গৃহস্থালির সামগ্রীসহ বিভিন্ন মালামাল নষ্ট হয়েছে কিংবা সরিয়ে নিতে পারেননি।

বস্তির কয়েকজন নারী জানান, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছিলেন। হঠাৎ করে উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় পরিবার-পরিজন নিয়ে তারা বিপাকে পড়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্ক সদস্যদের নিয়ে কোথায় যাবেন, তা নিয়েও অনিশ্চয়তায় পড়েছেন অনেক পরিবার।

অন্যদিকে রাজউক কর্মকর্তারা বলছেন, অধিগ্রহণ করা সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করে জমি দখলমুক্ত করা হচ্ছে। পাশাপাশি ওই এলাকায় মাদকদ্রব্যের বেচাকেনা ও সেবন বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান কার্যক্রমের অংশ হিসেবেও এ উদ্যোগকে দেখা হচ্ছে।

অভিযান চলাকালে রাজউকের উপপরিচালক লিটন সরকার বলেন, রাজউকের অধিগ্রহণ করা জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করে জমি দখলমুক্ত করা হচ্ছে। ভবিষ্যতেও সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, হাজী মাজার বস্তিকে ঘিরে মাদকদ্রব্যের বেচাকেনা ও সেবনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

টিকে/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement