রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইল ফোন, ব্যাংকের ভিসা ও ক্রেডিট কার্ড, সিম কার্ড এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। অভিযানে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগে ৩২ জন, ওয়ারীতে ৮৫ জন, মতিঝিলে ৫৭ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, মিরপুরে ১৭৪ জন, গুলশানে ৪৭ জন, উত্তরা বিভাগে ৬১ জন, গোয়েন্দা বিভাগে চারজন এবং সিটিটিসি বিভাগে সাতজন রয়েছেন।
অভিযানকালে ৫ হাজার ৪৪৫ পিস ইয়াবা, ৩১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া ২১টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের আটটি ভিসা ও ক্রেডিট কার্ড, একটি প্রাইভেটকার এবং বিভিন্ন কোম্পানির ১৪৬টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার সময় এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।