ফিফার কঠোর ট্রান্সফার নিষেধাজ্ঞা থেকে অবসান ঘটল ব্রাজিলের ঐতিহাসিক ফুটবল ক্লাব সান্তোসের। ক্লাবের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের পারিবারিক প্রতিষ্ঠান ‘এনআর স্পোর্টস’-এর সময়োপযোগী আর্থিক সহায়তায় পুরানো বকেয়া ঋণ পরিশোধ করায় ফিফা এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
ফরাসি ক্লাব মোনাকো থেকে মিডফিল্ডার জ্যাঁ লুকাসকে দলে ভেড়ানোর পর থেকে সান্তোসের প্রায় ১ কোটি ২০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল (প্রায় ১৭ লাখ পাউন্ড) ঋণ বকেয়া রয়ে গিয়েছিল। অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় গত জুলাইয়ে সান্তোসের ওপর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা জারি করেছিল ফিফা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সান্তোস এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, এনআর স্পোর্টসের সহায়তায় উক্ত পাওনা পরিশোধের ফলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এবং এখন থেকে ক্লাবটি আবার নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে।
এই বিপুল আর্থিক সহায়তার বিনিময়ে সান্তোস ও নেইমারের প্রতিষ্ঠান এনআর স্পোর্টস যৌথভাবে ক্লাবের অবিক্রীত জার্সি স্পনসরশিপ বাণিজ্যিকীকরণ ও বাজারজাতকরণের সুযোগ পাবে।
নিষেধাজ্ঞা উঠতেই সাবেক জুভেন্টাস তারকা আর্থার মেলোকে দলে ভেড়ানোর দৌড় শুরু করেছে সান্তোস। দলটির বর্তমান ফর্মও ভালো নয়—ব্রাজিলিয়ান লিগে অবনমনের ঝুঁকিতে থাকা ক্লাবটি চলতি সপ্তাহেই করিন্থিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে, যেখানে চোট কাটিয়ে নেইমারের একাদশে ফেরার গুঞ্জন চলছে।
এসএফ