ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আর্জেন্টিনার খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় ছাড় দিল ফিফা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:০৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচের পর ঘটে যাওয়া নানা ঘটনার জেরে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার ওপর দেওয়া নিষেধাজ্ঞা কার্যকরের পদ্ধতিতে ছাড় দিয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গোল ডটকম।

এএফএ জানিয়েছে, তারা ফিফার কাছে আবেদন করেছিল, খেলোয়াড় ও অ্যাসোসিয়েশনের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো জাতীয় দলের ‘এ’ ক্যাটাগরির প্রীতি ম্যাচ এবং অথবা দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) আয়োজিত আনুষ্ঠানিক ম্যাচে কার্যকর করার অনুমতি দেওয়া হোক। সেই আবেদনে সম্মতি দিয়েছে ফিফা।

গত ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। এরপর মাঠে সৃষ্ট পরিস্থিতির জেরে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ফিফা।

তাদের মধ্যে লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ এবং থিয়াগো আলমাদাকে ১ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া আর্জেন্টিনা জাতীয় দলের টেকনিক্যাল স্টাফের সদস্য রবার্তো আয়ালাকে ৩ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

খেলোয়াড় ও কর্মকর্তাদের নিষেধাজ্ঞার পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে বিভিন্ন ঘটনায় মোট ৩ লাখ ২১ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফা।

২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দে, মিসর, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার জন্য ফিফার শৃঙ্খলাবিধির একাধিক ধারায় এই জরিমানা করা হয়।

এদিকে শাস্তির অংশ হিসেবে ঘরের মাঠে আর্জেন্টিনার পরবর্তী দুটি ম্যাচে দর্শকসংখ্যা ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্তও বহাল রয়েছে।

ফিফার সর্বশেষ সিদ্ধান্তের ফলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত খেলোয়াড়দের শাস্তি জাতীয় দলের ‘এ’ ক্যাটাগরির প্রীতি ম্যাচ কিংবা কনমেবলের আনুষ্ঠানিক ম্যাচে কার্যকর করার সুযোগ তৈরি হলো। ফলে আর্জেন্টিনার জন্য আন্তর্জাতিক সূচি ব্যবস্থাপনায় কিছুটা স্বস্তি ফিরতে পারে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝