সৌদি আরব ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত দুই দেশ। পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি অর্থনীতি, বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারত্ব আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে উভয় পক্ষ ।
বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ পরিষদের বৈঠকের ফাঁকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সাক্ষাৎকালে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটি চিঠি হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান ইতিবাচক ও ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন দুই দেশের প্রতিনিধিরা। একই সঙ্গে পারস্পরিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে। এসব সফরের ফলে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা আরও বিস্তৃত করার নতুন সুযোগ তৈরি হয়েছে।
তিনি অদূর ভবিষ্যতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্ভাব্য আরও উচ্চপর্যায়ের সফরের বিষয়েও আলোচনা করেন।
বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, বাংলাদেশ সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর অন্যতম। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সৌদি আরবে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সৌদি কোম্পানিগুলোর বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ বাড়ছে বলেও উল্লেখ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা আরও বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় সৌদি আরবের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের বিপুল সংখ্যক প্রবাসী সৌদি আরবের বিভিন্ন খাতে কাজ করে দেশটির অর্থনীতি ও উন্নয়নে ভূমিকা রাখায় তাদের অবদানকে ইতিবাচকভাবে তুলে ধরেন তিনি।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
সাক্ষাতে সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল-খারেজি, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক যোগাযোগের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে পারস্পরিক আগ্রহের বিষয়টি স্পষ্ট হয়েছে। আগামী দিনে উচ্চপর্যায়ের সফর ও নতুন বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ-সৌদি আরবের ঐতিহাসিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এফএস