ইসলামী ব্যাংক থেকে ১৪১ কোটি ৩০ লাখ টাকা তুলে আত্মসাৎ ও পাচারের অভিযোগে শিল্পগোষ্ঠী আরামিট গ্রুপের মালিক ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ মোট ২৯ জনের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুদক।
বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয় ঢাকার কর্মকর্তারা কমিশনের চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ে মামলাগুলো করেন। তিন মামলাতেই আসামির তালিকায় জাবেদের স্ত্রী রুকমীলা জামানের নাম আছে।
একটি মামলার বাদী দুদক উপ-পরিচালক মশিউর রহমান বলেন, “ইসলামী ব্যাংক বাংলাদেশের জুবিলি রোড শাখা থেকে ২৭টি লেনদেনের মাধ্যমে ১৪১ কোটি ২০ লাখ টাকা উত্তোলন করে বিভিন্ন ব্যাংক হিসাবে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে।
“অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অপরাধে পৃথক তিনটি মামলা করার অনুমোদন দেওয়া হয়। তারপর আজ মামলা তিনটি করা হয়েছে।”
দুদকের করা মামলার নথি অনুসারে, ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবিলি রোড শাখা থেকে সাইফুজ্জামান চৌধুরীর প্রতিষ্ঠান আরামিট সিমেন্টের নামে সিমেন্টের কাঁচামাল কেনার জন্য অর্থ নেওয়া হয়েছিল। কোনো প্রকৃত কেনাবেচা না করেই ভুয়া বিল-ভাউচার ব্যবহার করে ব্যাংকের অর্থ তুলে নেওয়া হয়।
দুদক বলছে, এ ধরনের লেনদেনে মোট ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এর মধ্যে ২৭টি লেনদেনের মাধ্যমে ১৪১ কোটি ২০ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে।
এই অভিযোগে বৃহস্পতিবার করা তিন মামলায় আলাদাভাবে ১৬ জন, ১৬ জন ও ২০ জনকে আসামি করা হয়েছে। তবে কয়েকজন একাধিক মামলার আসামি হওয়ায় মোট আসামির সংখ্যা ২৯।
সাইফুজ্জামানের স্ত্রী ও আরামিট সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক রুকমীলা জামানসহ কোম্পানি এবং সংশ্লিষ্ট ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা এসব মামলার আসামি।
টিআইএস