হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার দায়িত্ব পেয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ (কার্যবিধি) সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
রোববার (২৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সংশ্লিষ্ট অংশ অধিকতর সংশোধন করেছেন।
সংশোধন অনুযায়ী, রুলস অব বিজনেসের শিডিউল-১-এ, অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টন-সংক্রান্ত তালিকায় ‘৩৪. মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স’ শিরোনামের আইটেম নম্বর ২২-এর পর নতুন আইটেম নম্বর ২৩ সংযোজন করা হয়েছে।
নতুন আইটেমে ‘ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন’ যুক্ত করা হয়েছে।
এর ফলে হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়াসহ এ-সংক্রান্ত বিষয়গুলো ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ, হালাল পণ্যের মান ও সনদ সংক্রান্ত কার্যক্রম এখন থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হবে।
-টিএস