ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
রুবেলের আগুনে বোলিং, জিসানের ঝড়ে উড়ল নেপাল; দারুণ জয় বাংলাদেশের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭:৫৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ডারউইনের মারারা ওভালে বাংলাদেশের দিনটা শুরু হয়েছিল বল হাতে মোহাম্মদ রুবেলের দুর্দান্ত বোলিং দিয়ে, আর শেষ হয়েছে জিসান আলমের ঝড়ো ব্যাটিংয়ে। নেপাল ‘এ’ দলকে মাত্র ৯৯ রানে আটকে দেওয়ার পর ১০.২ ওভারেই লক্ষ্য পেরিয়ে গেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল।

শনিবার টপ এন্ড টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে ইরফান শুক্কুরের নেতৃত্বাধীন বাংলাদেশ এইচপি নেপাল ‘এ’ দলকে ৯ উইকেটে হারিয়েছে। ১০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬২ বলেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। হাতে ছিল আরও ৫৮ বল ও ৯ উইকেট।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলিংয়ের সামনে বিপর্যস্ত হয়ে পড়ে নেপাল। প্রথম চার ওভারেই ৫ উইকেট হারিয়ে মাত্র ১৩ রান সংগ্রহ করে তারা। এই ধসের অন্যতম প্রধান কারিগর ছিলেন মোহাম্মদ রুবেল।

নিজের প্রথম দুই ওভারেই তিন উইকেট তুলে নিয়ে নেপালের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন রুবেল। পরে ফিরে এসে আরও একটি উইকেট নেন তিনি। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে নেপালের ব্যাটসম্যানদের জন্য কঠিন পরীক্ষা হয়ে ওঠেন এই পেসার।

অবশ্য ইনিংসের শুরুতেই বাংলাদেশের ফিল্ডিংয়ে কিছুটা অস্বস্তি ছিল। প্রথম বলেই কুশাল ভুর্তেলের ক্যাচ ছেড়ে দিয়েছিলেন জিসান আলম। তবে পরের ওভারেই স্লিপে ক্যাচ নিয়ে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন তিনি।

এরপর রোহনাত দৌলা বর্ষণ ফেরান ত্রিত রাজ দাসকে, আর রিপন মণ্ডলের বলে সাজঘরে ফেরেন পাওয়ান সারাফ। এরপর একই ওভারে কুশাল মাল্লা ও লোকেশ বামকে আউট করে নেপালকে আরও বিপাকে ফেলেন রুবেল।

চার ওভারে ১৩ রানে ৫ উইকেট হারানোর পর বড় সংগ্রহের আশা অনেকটাই শেষ হয়ে যায় নেপালের। সেখান থেকে কুশাল ভুর্তেল ও শাহাব আলম ৩২ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে রানের গতি ছিল ধীর।

সামিউন বশিরের বলে শাহাব এবং রানআউটে নারায়ান জোসি ফিরলে আবারও চাপে পড়ে নেপাল। একপ্রান্তে লড়াই চালিয়ে যাওয়া ভুর্তেল শেষ পর্যন্ত রুবেলের চতুর্থ শিকার হন। ৪০ বলে ৪৬ রান করেন তিনি।

শেষ তিন ওভারে কোনো বাউন্ডারি পায়নি নেপাল। ফলে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৯ রানেই থামে তাদের ইনিংস। রুবেলের চার উইকেটের পাশাপাশি বর্ষণ, রিপন মণ্ডল ও সামিউন বশির একটি করে উইকেট নেন।

সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল বাংলাদেশ। দ্বিতীয় বলেই ওয়াইড ও বাই মিলিয়ে আসে পাঁচ রান। এরপর জিসান আলম নিজের ব্যাটিং ঝড় শুরু করেন। প্রথম ওভারের শেষ তিন বলে একটি চার ও টানা দুটি ছক্কা হাঁকিয়ে ওই ওভারেই ২১ রান এনে দেন তিনি।

হাবিবুর রহমান সোহান ৬ বলে ৭ রান করে ফিরে গেলেও বাংলাদেশের রানের গতি থামেনি। জিসানের সঙ্গে জুটি গড়ে আরিফুল ইসলাম নেপালের বোলারদের ওপর চাপ ধরে রাখেন।

মাত্র ২৯ বলে চারটি ছক্কায় ফিফটি পূর্ণ করেন জিসান। শেষ পর্যন্ত দলকে জয় এনে দিয়ে ৫২ রানে অপরাজিত থাকেন তিনি। আরিফুল অপরাজিত থাকেন ৩৪ রানে। দুজনের ব্যাটে মাত্র ১০.২ ওভারে ১০১ রান তুলে ৯ উইকেটের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।

বাংলাদেশের জয়ের গল্পটা মূলত দুই ক্রিকেটারের- বল হাতে রুবেল, আর ব্যাট হাতে জিসান। প্রথমে রুবেলের বিধ্বংসী স্পেলে নেপালের ইনিংস ভেঙে পড়ে, পরে জিসানের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের বাকি অংশও দ্রুত শেষ হয়ে যায়।

অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের তৃতীয় অংশগ্রহণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় এইচপি দলের আত্মবিশ্বাস বাড়াবে। তবে বিশ্রামের সুযোগ নেই। রোববারই পরের ম্যাচে হোবার্ট হারিকেন্স একাডেমির মুখোমুখি হবে বাংলাদেশ।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝