পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা ও গতি আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। কাজের চাপ সামাল দেওয়া এবং মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতেই সরকার দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর মালিবাগের একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক পাবলিক ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজের চাপ ও দুই প্রতিমন্ত্রী নিয়োগের বিষয়ে শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে মন্ত্রণালয়ে গত ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি কাজ হয়েছে। এরই মধ্যে প্রায় তিনটি নতুন উইং চালু করা হয়েছে। পাশাপাশি অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে। এসব উদ্যোগের অনেকগুলোই আগে ছিল না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর তাকে অত্যন্ত ব্যস্ত সময় পার করতে হবে। তাই কাজের সুবিধা ও গতি বাড়াতে সরকার যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী টিমওয়ার্কের মাধ্যমে কাজ করা হবে।
মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, যেকোনো বহুপাক্ষিক সংস্থায় যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ ও জনগণের স্বার্থই প্রধান বিবেচ্য বিষয় হবে।
তিনি বলেন, বাংলাদেশ কোনো বহুপাক্ষিক সংস্থা বা জোটে যুক্ত হবে কি না, সেই সিদ্ধান্ত সরকার নিজেই নেবে। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে বাংলাদেশের গণমাধ্যমই তা সবার আগে জানতে পারবে। বিদেশি কোনো দেশের গণমাধ্যমে কী প্রকাশিত হচ্ছে, তা দেখে বাংলাদেশ প্রভাবিত হবে না।
শামা ওবায়েদ ইসলাম বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আরএন