ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে মহানগরীর মশক নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) কর্তৃক গৃহীত ক্রাশ প্রোগ্রাম চলমান রয়েছে।
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শুক্রবার সকালে নগরীর ১ ও ১২ নম্বর ওয়ার্ডে চলমান ক্রাশ প্রোগ্রামের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি ১ নম্বর ওয়ার্ডের মহেশ্বরপাশা রানার মাঠ এবং ১২ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ক্যাম্প বিহারি কলোনি সংলগ্ন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসির পক্ষ থেকে সম্ভব সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণের হারের ওপর ভিত্তি করে মহানগরীকে রেড, ইয়েলো ও অরেঞ্জ জোনে ভাগ করে কেসিসির কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজ পরিবার ও সন্তানদের নিরাপদ রাখতে কেসিসি পরিচালিত কর্মসূচির পাশাপাশি নিজ নিজ বাড়ি অথবা স্থাপনার সীমানার মধ্যে মশা যাতে বংশবিস্তার করতে না পারে, সেদিকে নজর রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পানি জমে থাকে এমন স্থানগুলো নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
এ সময় কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, কনজারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খান, সাবেক কাউন্সিলর এইচ এম আবু সালেক, সমাজসেবক সাদিকুর কাজী শফিকুল ইসলাম শফি, আব্দুল জলিল হাওলাদার, শাহানাজ পারভীনসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসএস/আরএন